বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছে, সব মহানগরেই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস নেয়া হবে।
রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।
এসময় তিনি বলেন, ‘দেশের অন্য শহরেও যদি সিটি সার্ভিস থাকে, তবে সেখানেও হাফ পাস নেয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ পাস কার্যকর হবে না।’
আগামী ১১ ডিসেম্বর (শনিবার) থেকে ঢাকার মতো চট্টগ্রামেও শর্ত সাপেক্ষে হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বাস মালিক সমিতি। শর্তগুলোও প্রায় একই রকম।



